বিশ্বকে পথ দেখাবে বাংলাদেশ : পলক

১৫ নভেম্বর, ২০২১ ১৩:৫৯  
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সৎ, সাহসী ও দূরদর্শী নেতৃত্বের কল্যাণে এক সময়ের পথ হারা বাংলাদেশই আগামীতে বিশ্বকে পথ দেখাবে বলে দৃঢ়তার সঙ্গে ঘোষণা করেছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। তিনি বলেছেন, “বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার ফিলোসফি অব রেভ্যুলেশন- ডিজিটাল বাংলাদেশ শুধু বাংলাদেশের জন্য নয়; সারা বিশ্বের কাছে একটি অনুকরণীয় দৃষ্টান্ত হয়েছে।” গণতন্ত্র, অসাম্প্রদায়িক সমাজ প্রতিষ্ঠা ও তথ্যপ্রযুক্তিতের বিশেষ অবদানের জন্য বিশ্বের ৮৫টি রাষ্ট্রের সংগঠন উইটসা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এমেনিন্টে পার্সন্স সম্মাননায় ভূষিত করেছেন বলেও মন্তব্য করেন পলক। সৃজনশীল অর্থনীতির জন্য জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থা ইউনেস্কো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইন্টারন্যাশনাল প্রাইজ ইন দ্যা ফ্লিড অব ক্রিয়েটিভ ইকোনমি-শীর্ষক পুরস্কার প্রবর্তন করায় সংসদের অধিবেশনে আনীত ধন্যবাদ প্রস্তাব আলোচনায় অংশ নিয়ে আজ সোমবার (১৫ নভেম্বর) এ মন্তব্য করেন তিনি। এর আগে কার্যপ্রণালী বিধির ১৪৭ ধারা অনুযায়ী উপাধ্যক্ষ আবদুস শহীদ এ প্রস্তাব আনেন। সভায় বিএনপি দলীয় সাংসদ হারুনুর রশীদের বক্তব্যের প্রতি উত্তরে প্রতিমন্ত্রী তৎকালীন সরকারের সমালোচনা করে বলেন, অজ্ঞতার কারণে বাংলাদেশ প্রথম দফায় সাব মেরিন ক্যাবলে সংযুক্ত হয়নি। অনৈতিক কারণে ২০০৪ সালে স্যামসাংয়ের বিলিয়ন ডলারের প্রস্তাব ফেরত গেছে। কিন্তু ২০১৬ সালে আমদানি শুল্ক ও খুচরা যন্ত্রাংশের ওপর থেকে কর প্রত্যাহার করার ফলে ২০১৭ সালে এসে স্যামসাং আবার বাংলাদেশে এসেছে যেখানে ২০০০ মানুষের কর্মসংস্থান হয়েছে। তিনি বলেন, সত্য আজ বিকশিত হয়েছে। বঙ্গবন্ধুর মর্যাদা আজ বিশ্বের দরবারে প্রতিষ্ঠিত হয়েছে।